
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি ও তুরস্ক। ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে হাইতির বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা হারিয়েছে তুরস্ক।
ম্যাচের শুরুতে কিছুটা সময় প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করার পর পুরো খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্রাজিল। বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে হাইতি নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করার চেষ্টা করেছে। অকারণে রক্ষণাত্মক ফুটবল না খেলে সুযোগ পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করে দলটি। ম্যাচের ৬৩ মিনিটে কর্নার থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল হাইতি। কিন্তু ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত করেন।
২৩ মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদ ঠেকালেও ফিরতি বলে ডিফেন্ডার হানেস ডেলক্রোইক্সের পায়ে লেগে বল গোলমুখে চলে যায়। শেষ পর্যন্ত মাথেউস কুনিয়ার স্পর্শে বল জালে জড়ায়।
৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া। মাঝমাঠে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় হাইতির।
অন্য ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মাতিয়াস গালারসা। খেলার মাত্র ৬৫ সেকেন্ডে করা এই গোলটি এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল।
প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিগেল আলমিরন। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। সংখ্যাগত সুবিধা পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি তুরস্ক। বরং শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে।
এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের। পাশাপাশি তাদের জয়ে সুবিধা পেয়েছে যুক্তরাষ্ট্রও। অন্যদিকে টানা দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের।
আপনার মতামত লিখুন :