আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।

তিনি বলেন, যেখানে কথা বলার জন্য স্পিকারের অনুমতির প্রয়োজন হয়, সেখানে জনগণের কাছে কথা বলতে কোনো অনুমতির প্রয়োজন নেই। তাই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে।

জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে। কোনো বিদেশি আধিপত্য বা আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না।

সমাবেশে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও বক্তব্য দেন।

খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।