
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। গত তিন মাসে যে পরিমাণ কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।” তিনি আরও বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। জনগণের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।
প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনের কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর নির্মাণাধীন সেতুর সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :