হরমুজ নিয়ে বড় ঘোষণা ইরানের 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
হরমুজ নিয়ে বড় ঘোষণা ইরানের 

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য বড় ধরনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, আগামী ৬০ দিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে থাকা মাইন অপসারণের কাজও শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত ৬০ দিনের সময়সীমায় হরমুজ প্রণালি অতিক্রমকারী সব বাণিজ্যিক জাহাজ বিনামূল্যে চলাচলের সুযোগ পাবে। এ সময় জাহাজ চলাচল সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার ইরান সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে ‘পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর নির্ধারিত রুট ও সময়সূচি মেনে জাহাজগুলোকে চলাচল করতে হবে।

তেহরান জানিয়েছে, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হবে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক নৌযান চলাচলের সুযোগ দেওয়া হবে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে সামুদ্রিক কার্যক্রম পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির এই উদ্যোগের ফলে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।