
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোছাঃ রোজিনা আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ওই সময় এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে দিনব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছিলেন।
অভিযান চলাকালে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৩৭০৫ (তিন হাজার সাতশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোজিনা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি (আলিপুরা) গ্রামের মৃত হামিদ মিয়ার মেয়ে এবং মো. সুমনের স্ত্রী। তার মাতার নাম মনোয়ারা বেগম।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :