
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে ভুরুলিয়া নাগবাটি ডিএনসি মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়।
“মাদককে না বলি, খেলাধুলাকে আঁকড়ে ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে. সিরাজ, সেক্রেটারি জি. এম. ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি. এম. আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজু মোল্লা, ইউপি সদস্য আবু জাফর বাবলু এবং শিক্ষক নজরুল ইসলামসহ অনেকে।
সভাপতির বক্তব্যে এস. কে. সিরাজ বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ক্রীড়া চর্চায় উৎসাহ জোগায়।
আপনার মতামত লিখুন :