লালমনিরহাটে জমির গাছ কেটে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
লালমনিরহাটে জমির গাছ কেটে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

লালমনিরহাটে এক ব্যবসায়ীর ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়া এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী বদরুল ইসলাম (৪৭) জানান, তিনি ঢাকায় ব্যবসার কাজে অবস্থান করার সুযোগে গত ১৬ জুন ২০২৬ তারিখ সকালে তার অনুপস্থিতিতে লালমনিরহাট পৌরসভার বসুন্ধরা এলাকায় অবস্থিত জমিতে অনধিকার প্রবেশ করে একটি আম গাছ, তিনটি সুপারি গাছ, একটি মেহগনি গাছসহ মোট ছয়টি ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

অভিযোগে বলা হয়, স্থানীয় আনোয়ার হোসেন (৪০) দলবলসহ এ ঘটনা ঘটান। পরে ১৯ জুন বিকেলে জমির বিষয়ে জানতে গেলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমি নিয়ে কথা বললে খুন-জখমের হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী বদরুল ইসলাম বলেন, তিনি ঢাকায় অবস্থানকালে সুযোগ নিয়ে তার জমির গাছ কেটে ফেলা হয়েছে এবং প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করেছেন।

লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।