
রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে অস্থায়ী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অবস্থায় রোববার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :