
রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে এবং এলাকার অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।’
তিনি বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি গতি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে। এরই মধ্যে সরকারের কার্যক্রম সাধারণ মানুষের নজরে এসেছে বলেও দাবি করেন তিনি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে সুনির্দিষ্ট ও কঠোর উদ্যোগ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট দেশের কাছে পাঠানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশটির সরকার দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। পুলিশ বাহিনীর কার্যক্রম নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে বর্তমানে পুলিশ আবারও তাদের গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে।
তিনি আরও বলেন, দেশের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা ব্যাপক দায়িত্ব পালন করছেন। তাদের গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবেই আজ পুরস্কৃত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আরও কঠোর অবস্থানে থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :