মুরাদনগরে পাঁচ বছরের শিশুকে ধ’র্ষ’ণ’চেষ্টার অভিযোগ, মামলা করলেন বাবা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
মুরাদনগরে পাঁচ বছরের শিশুকে ধ’র্ষ’ণ’চেষ্টার অভিযোগ, মামলা করলেন বাবা
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকায় মোবাইলের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর এক স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকাল আনুমানিক ১১টার দিকে বাখরনগর গ্রামের ৫ বছর বয়সী কন্যা শিশুটি নিজ নানাবাড়িতে অবস্থান করছিল। এ সময় সে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে স্বাভাবিকভাবে খেলাধুলায় ব্যস্ত ছিল। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মৃত কানু মিয়ার ছেলে জুয়েল (৩৮) শিশুটিকে মোবাইল ফোনে খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বসতঘরের ভেতরে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, ঘরের ভেতরে শিশুটি মোবাইল ফোনে খেলা দেখার সময় অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালান। ঘটনার পর ভীত অবস্থায় শিশুটি দ্রুত ঘর থেকে বের হয়ে তাঁর মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে বিষয়টি স্থানীয়দের অবগত করেন।
শিশুটির মা জানান, তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি এসে তাকে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি থানায় জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত জুয়েল বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা শিশুদের চলাফেরায় আরও সতর্কতা অবলম্বন এবং অভিভাবকদের বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন।