
কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) প্রায় ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২৪০ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল হোসেন (৫৩)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কুলুবাড়ী–নবীনগর সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি চুন কারখানা দীর্ঘ প্রায় ছয় মাস ধরে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহার করে গ্যাস চালিয়ে আসছিল।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত রোববার (১৪ জুন) বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। পরে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
বিজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২৪০ টাকা দাবি করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :