
গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার উৎসব প্রিয় মিলনায়তনে এ আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী হাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন বাবু শিশির কুমার মন্ডল। পরে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার রতন কুমার।
বক্তারা বলেন, জাল নোট দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য বড় হুমকি। এটি প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত সচেতনতা জরুরি। তারা আরও বলেন, লেনদেনের সময় সতর্কতা এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া মুকসুদপুর প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, জাল নোট প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :