মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলা এলাকায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) ও প্রকল্প পরিচালক রাশিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক, কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বকুল আলী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পলি জমে হিসনা ও সাগরখালী নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতো। এই পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং কৃষি সেচ ব্যবস্থাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।