মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা দেখা দিলেও তিন দিনের মাথায় আবারও নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।

শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ ঘোষণা দেয়।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ অপারেশনাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ-পরবর্তী সমঝোতা স্মারকের প্রথম ধারা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকেও যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে জানানো হয়, এসব ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ইরান সতর্ক করে দিয়েছে, এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে। প্রতিদিন এই পথে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও বিভিন্ন জ্বালানি পণ্য পরিবহন করা হয়।

ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেলের সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের এ ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল।