ভেড়ামারায় ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত


ভেড়ামারা উপজেলা প্রতিনিধি, ইখলাস হোসেন প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ভেড়ামারায় ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ শীর্ষক প্যানেল আলোচনা ও একই নামের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত। ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিম।

ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ মাহমুদা জেবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার পাল এবং বাহিরচর সোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রোকশানা লিপি।

বক্তারা শিক্ষকের নৈতিকতা, আচরণগত দক্ষতা, শিক্ষাদানের কৌশল এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন শিক্ষকের ব্যক্তিত্ব ও আচরণ শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলে। তাই জ্ঞানদানের পাশাপাশি শিক্ষকদের আদর্শ ও মানবিক গুণাবলির চর্চা করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ বিভিন্ন শিক্ষক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে মোস্তাফিজুর রহমান শামীম রচিত ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে এ বিষয়ে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।