
বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সেলেসাওদের সামনে এখন স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই ম্যাচের আগে তিন ফুটবলারের হলুদ কার্ডের হিসাব নিয়ে কিছুটা চিন্তায় পড়েছে ব্রাজিল শিবির।
আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ আরও সহজ হয়ে যাবে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সতর্ক থাকতে হবে তিন খেলোয়াড়কে। ডিফেন্ডার ইবানেজ, মিডফিল্ডার কাসেমিরো এবং ডিফেন্ডার ডগলাস সান্তোস ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে পাওয়া ওই কার্ডের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে আবার হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাদের।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ার পর হলুদ কার্ড ও নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড নির্দিষ্ট ধাপে বাতিল করা হবে।
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট রাউন্ড শুরু হলে আগের হলুদ কার্ডের হিসাব আর কার্যকর থাকবে না। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবার নতুন করে কার্ডের হিসাব শুরু হবে।
তবে গুরুত্বপূর্ণ শর্ত হলো, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তিনি প্রথম নকআউট ম্যাচে অংশ নিতে পারবেন না।
তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসকে বাড়তি সতর্কতার সঙ্গে খেলতে হবে। নকআউট পর্বের আগে দলের গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়কে নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত রাখা ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :