
বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি আবারও আলোচনার কেন্দ্রে। ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে সেই মঞ্চেই নিজের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেন এই মহাতারকা। চার দিন পর ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসির সামনে এখন বড় প্রশ্ন—তিনি কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন? আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সরাসরি উত্তর দিয়েছেন মেসি। ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।”
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজেকে ধরে রাখার রহস্যও জানিয়েছেন মেসি। তার মতে, ফুটবলই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত প্রতিযোগিতা, কঠোর পরিশ্রম এবং নিজেকে ফিট রাখার কারণেই তিনি এখনো সেরাদের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
মেসি বলেন, তিনি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছেন। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সহযোগিতা করতে শারীরিকভাবে প্রস্তুত থেকেছেন। আর্জেন্টিনা দলে প্রতিযোগিতার মান অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করছেন না বলেও জানান আর্জেন্টাইন তারকা। ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই পূর্ণ করেছেন তিনি। তাই এখন থেকে পাওয়া প্রতিটি সাফল্যকে বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন। মেসির ভাষায়, ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সব অর্জন করার সুযোগ পেয়েছেন তিনি। তাই সামনে যা কিছু আসবে, সবই তার কাছে বাড়তি পাওয়া।
এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচের পর ফিফার অফিসিয়াল পাওয়ার র্যাংকিংয়েও আক্রমণভাগে শীর্ষে উঠে এসেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফিফার মূল্যায়নে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ জয়ের পরও থেমে যাননি মেসি। বয়সকে হার মানিয়ে এখনো মাঠে নিজের জাদু দেখাচ্ছেন তিনি। তবে ২০৩০ বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
আপনার মতামত লিখুন :