বিচারের মুখে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
বিচারের মুখে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। একই সঙ্গে আদালতের নির্দেশে তার ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (২০ জুন) স্পেনের একটি আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আদালতের আদেশ অনুযায়ী, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো বেগোনা গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে প্রতি মাসে দুইবার আদালতে হাজিরা দিতে হবে। আদালত জানিয়েছে, গোমেজ যেন দেশত্যাগের নিষেধাজ্ঞা অমান্য করতে না পারেন, সে জন্য দেশটির সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই মামলার শুনানির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে গত এপ্রিলে বিচারক পেইনাতো আনুষ্ঠানিকভাবে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিল অপব্যবহারের অভিযোগ আনেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী হিসেবে বেগোনা গোমেজ নিজের প্রভাব ও অবস্থান ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন কি না, তা খতিয়ে দেখতে ২০২৪ সালের এপ্রিলে তদন্ত শুরু করেন বিচারক। তবে গোমেজ ও তার স্বামী প্রধানমন্ত্রী সানচেজ—দুজনেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, গোমেজ প্রভাব খাটিয়ে মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে একটি বিশেষ অধ্যাপক পদ তৈরি ও পরিচালনায় ভূমিকা রাখেন। ওই পদটির সহ-পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য সরকারি সম্পদ ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বেগোনা গোমেজ শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কোনো ধরনের অনিয়ম বা অপরাধে জড়িত নন। প্রধানমন্ত্রী সানচেজও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তার দাবি, ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে এসব অভিযোগ সামনে আনছে।

অন্যদিকে স্পেনের বিরোধী দলগুলো এ ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। মামলাটি এখন স্পেনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।