
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে পড়ে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শনিবার (২০ জুন) দুপুরে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। এদিকে ১২ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :