
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শিশুদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চায়ও দক্ষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশ থেকে মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় তৈরি হতে পারে।
শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্ব উপভোগ করতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ফাইনালে অংশ নেওয়া বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে মাঠ পরিদর্শন করেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীকে একনজর কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ক্ষুদে শিক্ষার্থী উচ্ছ্বাসে মাঠের দিকে ছুটে যায়। শিশুদের এমন আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর মুখে দেখা যায় স্নেহমাখা হাসি।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু খেলাধুলা নয়, জীবনের সব ক্ষেত্রেই পারদর্শী হতে হবে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে গেলেই একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল শিশুদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমেও বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে হবে। শিশুদের মেধা বিকাশে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে। অলিম্পিকসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের দল এবারের ফাইনালে অংশ নেয়।
বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাঁথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।
চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :