বড়াইগ্রামে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বনপাড়া পৌরশহরে নাটোর–পাবনা মহাসড়কে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। তারা মন্দিরে হামলা ও ধর্মীয় অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক জয়ন্তকুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, বনপাড়া পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবদাস স্যানালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।