পুলিশের হস্তক্ষেপে বন্ধ হওয়া কাজ আবার শুরু, আদালতের আদেশ অমান্যের অভিযোগ


ভ্রাম্যমাণ প্রতিনিধি, মজিবর রহমান প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পুলিশের হস্তক্ষেপে বন্ধ হওয়া কাজ আবার শুরু, আদালতের আদেশ অমান্যের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে পুনরায় নির্মাণকাজ শুরুর অভিযোগ উঠেছে। এর আগে একই জমিতে নির্মাণকাজ শুরু হলে পুলিশের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছিল।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করলেও গত ১৪ জুন রবিবার আতোয়ার রহমান ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ শুরু করেন। এ সময় নির্মাণকাজের অংশ হিসেবে কিছু স্থানে ঢালাইয়ের কাজও সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি জানতে পেরে রবিউল ইসলাম ও রানাউল ইসলাম আদমদীঘি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে শ্রমিকরা নির্মাণসামগ্রী ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে আদমদীঘি থানার এসআই বাবুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের আদালতের নির্দেশনা মেনে চলতে এবং নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়। এছাড়া বৈধ কাগজপত্র বা আদালতের অনুমতি ছাড়া কোনো ধরনের নির্মাণকাজ না করার নির্দেশও দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হওয়ার মাত্র কয়েকদিন পর, শনিবার ২০ জুন পুনরায় ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন আতাউল রহমান ও তার সহযোগীরা। আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় পুনরায় কাজ শুরুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী পক্ষ।
অভিযোগকারী রবিউল ইসলাম বলেন, “জমিটি নিয়ে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ বারবার আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের হস্তক্ষেপে একবার কাজ বন্ধ হলেও তারা আবারও কাজ শুরু করেছে।” এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।