
যশোরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় যশোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৯ জুন) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান জানান, গত ১০ জুন সুমন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়, ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
একই সঙ্গে তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে জেলা ছাত্রদল।
কারণ দর্শানোর নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান বরাবর লিখিত জবাব দিতে বলা হয়।
পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একাধিক দফায় তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করে জেলা ছাত্রদল। এর পরিপ্রেক্ষিতেই সুমন আহমেদকে সংগঠনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :