নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু


মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি : প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নদীর পাড়ে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী (৪০) মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০) বজ্রপাতে আহত হন। ঘটনার সময় তিনি নদীর পাড়ে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।