দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ জুন পর্যন্ত ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি গুদামে বর্তমানে চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। এছাড়া গমের মজুত ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ধানকে চালের সমপরিমাণে রূপান্তর করে হিসাব করলে ফ্লোটিং মজুত ছাড়া মোট মজুত দাঁড়ায় ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন। এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ মেট্রিক টন এবং চালের ১ হাজার ৯৬২ মেট্রিক টন ভাসমান মজুত যুক্ত হয়ে মোট মজুতের পরিমাণ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বোরো সংগ্রহ অভিযান জোরেশোরে চলমান রয়েছে। গত ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ মেট্রিক টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ মেট্রিক টন এবং গম ৪৯৪ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন, “১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত থাকলে তা নিরাপদ মজুত হিসেবে বিবেচিত হয়। বর্তমানে মজুতের পরিমাণ সেই সীমার অনেক ওপরে রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক অবস্থানে রয়েছে।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, গত ৩ মে শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, চলমান বোরো সংগ্রহ অভিযান এবং আমদানি কার্যক্রমের ফলে আগামী দিনগুলোতে খাদ্যশস্যের মজুত আরও বৃদ্ধি পাবে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারে চাল ও গমের সরবরাহ স্থিতিশীল থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।