দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানান, ভারী বৃষ্টিপাতের কারণে ওই চার জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে অন্তত তিন দিন স্থায়ী স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী পাঁচদিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচদিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে এ সময় পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাউবো জানায়, আগামী তিন দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী দুই দিনে এসব নদীর পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে ভুগাই নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি বাড়লেও যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি কমেছে। আগামী তিন দিনে এসব নদীর পানি আবারও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি কমেছে। আগামী তিন দিনে এসব নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।