
খুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।” তিনি দাবি করেন, এই বিপ্লব কোনো দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গঠনের লক্ষ্যে হবে।
যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণের রায় উপেক্ষিত হলে রাজপথ ও জনমতের শক্তির মাধ্যমেই দাবি আদায় করা হবে।
সমাবেশে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং জনরায়কে সম্মান করা প্রয়োজন।
জামায়াত আমির আরও বলেন, সীমান্ত পরিস্থিতি ও পুশইন ইস্যুতে দেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি দাবি করেন, জনগণ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজনে গণআন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক সংসদ সদস্য, আইনজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
এর আগে দুপুর থেকে সমাবেশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। খুলনা সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আপনার মতামত লিখুন :