কালিহাতীতে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


কালিহাতী প্রতিনিধি, বুলবুল হোসেন প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
কালিহাতীতে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোয়াইর গ্রামে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জোয়াইর মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে কৃষ্ণচূড়া, বকুল, গন্ধরাজ, গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ্ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, আবুল কাশেম সিকদার, সাংবাদিক শুভ্র মজুমদার, জোয়াইর নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সজীব হোসাইন, সেক্রেটারি আদিয়ান আহমেদ আজাদ আশিকসহ স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসী।

সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হতে হবে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু সামাজিক কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল বিনিয়োগ। প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ রোপণ করলে দেশ আরও সবুজ হয়ে উঠবে।

স্থানীয়রা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।