কাঁদছে রাফিনিয়া, ব্রাজিলকে বিকল্প খেলোয়াড় নিতে দেবে কি ফিফা?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
কাঁদছে রাফিনিয়া, ব্রাজিলকে বিকল্প খেলোয়াড় নিতে দেবে কি ফিফা?

হাইতির বিপক্ষে বড় জয় পেয়েও স্বস্তিতে নেই ব্রাজিল। ম্যাচে ৩-০ গোলের সহজ জয়ের পরও সেলেসাও শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার চোট। গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে, আর এতে তার বিশ্বকাপ যাত্রা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। চিকিৎসকরা যখন তাকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন চোখের পানি মুছতে দেখা যায় ব্রাজিলের এই আক্রমণভাগের খেলোয়াড়কে।

মাঠ ছাড়ার পর ডাগআউটে ফিরে দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে কথা বলেন রাফিনিয়া। এ সময় কোচ কার্লো আনচেলত্তিও তাকে সান্ত্বনা দেন। তবে ডান ঊরুতে হাত দিয়ে বসে থাকতে দেখা যাওয়ায় কোচসহ দলের কর্মকর্তাদের উদ্বেগ আরও বেড়ে যায়।

এর আগে চলতি বছরের মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রাফিনিয়া। আবারও একই ধরনের চোটের আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে রাফিনিয়া চোটের কারণে মাঠের বাইরে চলে গেলে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ পাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ফিফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর দল পরিবর্তনের সুযোগ নেই।

ফিফার নিয়ম বলছে, বিকল্প খেলোয়াড় নেওয়ার সময়সীমা শেষ হয়েছে ১২ জুন। এমনকি টুর্নামেন্টে কোনো দল তাদের প্রথম ম্যাচ খেলার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত নতুন খেলোয়াড় যুক্ত করতে পারত। কিন্তু ব্রাজিল ইতোমধ্যে ১৪ জুন বাংলাদেশ সময় ভোরে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে। ফলে এখন আর দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, শুধু গোলরক্ষকদের ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম রয়েছে। কোনো দলের গোলরক্ষক চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে তার জায়গায় নতুন গোলরক্ষক নেওয়া যায়। অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে সেই সুযোগ নেই।

হাইতির বিপক্ষে ম্যাচে রাফিনিয়ার পরিবর্তে ৪০ মিনিটে রায়ানকে মাঠে নামান কোচ আনচেলত্তি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তবে রাফিনিয়ার চোটের বিষয়টি এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।