
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
মীর মোহাম্মদ শোয়াইবকে দেওয়া নোটিশে বলা হয়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপন করা হয়। অভিযোগ তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ওই দিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
নোটিশে বলা হয়, অভিযোগটি এখনো তদন্তাধীন থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আগে সরাসরি পক্ষাবলম্বন করেছেন মীর মোহাম্মদ শোয়াইব।
এ ঘটনাকে দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে আরিফ মুঈনুদ্দিনকে দেওয়া নোটিশে একই অভিযোগের বিষয়ে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রেস রিলিজ এবং নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সরাসরি পক্ষাবলম্বন করেছেন। এ ছাড়া ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে ‘অত্যন্ত হীন ভাষায়’ আক্রমণ করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
নোটিশে বলা হয়, এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি। তাই তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :