
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. রোকনুজ্জামান ভূঁইয়া, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রোখসানা খন্দকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম ও দলীয় প্রভাবের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি শিক্ষা খাতকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, যোগ্যতা ও মেধার সঠিক মূল্যায়ন না হলে শিক্ষার্থীদের আস্থা কমে যায়, যা একটি জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :