আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিন সহ ট্রাক জব্দ


মোঃ রমজান আলী, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিন সহ ট্রাক জব্দ

সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরিতে ব্যবহৃত ১ হাজার কেজি জেলিসদৃশ উপকরণসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে সংশ্লিষ্টরা।

শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৩টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে থেকে এসব উপকরণ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এসআই তারিকুর রহমান শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় ঢাকা মেট্রো-ন ১৩-২৯৪৫ নম্বরের একটি ট্রাক থেকে নকল দুধ তৈরিতে ব্যবহৃত প্রায় ১ হাজার কেজি জেলি উদ্ধার করা হয়। তবে পুলিশ ট্রাকের কাছে পৌঁছানোর আগেই এর সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ১ হাজার কেজি জেলিসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে এগুলো নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।