
‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধে সচেতন হোন’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ নির্মূলে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৫টায় বিট পুলিশিং ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা চকবাজার হাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুরি, গরু চুরি, মিটার ও বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম। স্থানীয়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে ওসি মাহবুব আলম বলেন, মাদক নতুন প্রজন্মের জন্য বড় হুমকি। এটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবন বা এর কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে এবং যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।
পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমানোর বিষয়ে ওসি বলেন, আত্রাই থানা পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে আছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।
সভায় আত্রাই থানার এসআই ও ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা মো. শাহাজুল ইসলাম, এএসআই মামুন, থানার অন্যান্য পুলিশ সদস্য, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম সাজ্জাদ হোসেন তোতা, চকশিমলা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মন্ডল, চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. হযরত আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :