
আগামী আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি জানান, এ রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং জুলাই মাসে নতুন কিছু কোচ যুক্ত হবে।
শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই আগামী আগস্টে এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন। এরপর ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
রবিউল আলম বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না, বরং জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, খুব দ্রুত দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর জন্য ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন করা হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বৃহত্তর জনস্বার্থের বিষয় বিবেচনায় নিয়ে সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
মতবিনিময় সভায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :