
বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। তবে ম্যাচ শেষে থেকে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার চোটের কারণে ডান প্রান্তের রক্ষণভাগে পরিবর্তন আনতে হতে পারে কোচ লিওনেল স্কালোনিকে।
মন্টিয়েলের জায়গায় শুরুর একাদশে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন মলিনা। এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই তার খেলার সম্ভাবনা রয়েছে।
তবে আর্জেন্টিনা দলের জন্য স্বস্তির খবর হলো, মন্টিয়েলের চোট গুরুতর নয়। জানা গেছে, শনিবার ও রোববার তিনি হালকা অনুশীলন করবেন। দলের আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে আবারও দলে পাওয়া যেতে পারে।
এর আগেও চোট সমস্যায় ভুগেছেন মন্টিয়েল। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সময় তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। সেই কারণে ক্লাবের হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিতে পারেননি তিনি।
ডিফেন্সে মন্টিয়েলের পরিবর্তন ছাড়া কোচ স্কালোনির একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকবেন অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি।
আপনার মতামত লিখুন :