মানিকগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬


মো: আজাহার হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
মানিকগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। ফল চাষে জনসচেতনতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত চলবে এ আয়োজন। মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশীয় ও বিদেশি নানা জাতের ফলের আকর্ষণীয় প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি আধুনিক ফল চাষ প্রযুক্তি, বাগান ব্যবস্থাপনা এবং ফল সংরক্ষণের বিভিন্ন কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে মেলায় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে ফল চাষে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল শুধু পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং ফলভিত্তিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও সম্ভব।

আয়োজকরা আরও জানান, এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি ও উন্নত ফল চাষ পদ্ধতির সঙ্গে পরিচিত করে। একই সঙ্গে ফল উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সবুজ পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তারা জেলার সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ফল চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত, পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।