সাতক্ষীরায় একদিনে তিন মরদেহ: আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও খাল থেকে লাশ উদ্ধার


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় একদিনে তিন মরদেহ: আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও খাল থেকে লাশ উদ্ধার

সাতক্ষীরার সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলার পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে উদ্ধার হওয়া মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনটি ঘটনার মধ্যে একটি আত্মহত্যা, একটি সন্দেহজনক হত্যাকাণ্ড এবং অপরটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় অমিত হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে অমিত হাসান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এতে তিনি ঋণের বোঝায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে মাদকাসক্ত হয়ে ওঠেন। এসব কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের একটি মোবাইল টাওয়ারের পাশে মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কলারোয়া থানার ওসি মো. শাহিন জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ও আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ টেনে-হিঁচড়ে ডোবার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মেহেদী হাসান উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার শ্বেতপুর গ্রামের বাসিন্দা এবং ফরিদ উদ্দীনের ছেলে।

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, আব্দুর রহিম দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার ভোরে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন।তিনটি ঘটনায় পৃথকভাবে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।