
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের কৃষিখাতের আধুনিকায়নের ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্য ঘাটতির সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নয়নমূলক কার্যক্রম চালুর মাধ্যমে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকারও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, উচ্চ ফলনশীল ধান চাষের পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছের ব্যাপক চাষাবাদ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিএনপি আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক এবং পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে গাছের চারা, সার, বীজ এবং নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :