
চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের জুনের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
এ ছাড়া গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এর আগে নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া গত বছরের অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে এসেছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
আপনার মতামত লিখুন :