
খুলনার বটিয়াঘাটা উপজেলার কায়েমখোলা গ্রামের বাসিন্দা শচীন্দ্র নাথ সরকার তার পৈত্রিক সম্পত্তি ও বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বটিয়াঘাটা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে শচীন্দ্র নাথ সরকার জানান, তিনি মৃত কালিপদ সরকারের সন্তান এবং ১৯৬৩ সাল থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি কিছু ব্যক্তি তার বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত ১২ জুন ২০২৬ তারিখে মোঃ নোয়াব আলী শেখ, রেজাউল শেখ, রাব্বানী শেখ, আব্বাস আলী শেখসহ ১০-১৫ জনের একটি দল তার বসতভিটায় গিয়ে দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ায় ভয়ে সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারছেন না। তাই গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
আপনার মতামত লিখুন :