নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প 

জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে একই সঙ্গে দৃঢ়চেতা ও দক্ষ আলোচক হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেন।

বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, মোদি বাইরে থেকে শান্ত ও নম্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত কঠোর ও কৌশলী নেতা। তার ভাষায়, মোদি একজন “কঠিন আলোচক” এবং তিনি যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ভারত যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার থাকবে।

রসিকতা করে ট্রাম্প আরও বলেন, মোদির চেহারা “একজন ফেরেশতার মতো” হলেও তিনি বাস্তবে “খুনীর মতোই কঠিন”—যা তার শক্ত নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি।

এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে ইতিবাচক উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি আরও দাবি করেন, ভারত যদি কোনো আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তবে যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন এবং হরমুজ প্রণালি বৈশ্বিক অর্থনীতির জন্য সবসময় উন্মুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেন।

বৈঠকে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা করেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই নেতা মতবিনিময় করেন।