এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি এসএসএফের ব্যবহৃত একটি অস্ত্র দিয়ে নিজ হাতে নিশানা পরীক্ষা করেন। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগেই এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করা হয়েছে এবং এর উদ্বোধনী মহড়াও তিনি প্রত্যক্ষ করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা কৌশল উন্নয়নে এই ফায়ারিং রেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এসএসএফ সদস্যদের এই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে নিজেদের পেশাগত সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে তার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তার কঠোর ব্যবস্থা যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সময়ে এবং তার মৃত্যুর পর বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের সমন্বয়, দায়িত্বশীলতা ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ বয়স থেকেই তিনি তার মায়ের সরকারপ্রধান থাকাকালে এসএসএফের কার্যক্রম ও পেশাদারিত্ব কাছ থেকে দেখেছেন। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে এসএসএফের দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফ সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বাহিনীর চেইন অব কমান্ড বজায় রেখে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।