আশুলিয়ার মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পিস্তল ও গুলি উদ্ধার


মামুন ইসলাম: প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
আশুলিয়ার মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পিস্তল ও গুলি উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসার নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের টহল দল জানতে পারে যে মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুম সংলগ্ন নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুত থাকতে পারে। পরে র‌্যাব সদস্যরা স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতর সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এগুলোর উৎস এবং কারা সেখানে রেখেছে তা উদঘাটনে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।