
মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়নের দাবি উঠেছে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক সংলাপ ও কর্মশালায়। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানবাধিকার কর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ যৌথভাবে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” শীর্ষক এ সংলাপ ও কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। মূল প্রবন্ধ ও আলোচনায় অংশ নেন আসকের সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং দেশ টিভির সিনিয়র সাংবাদিক কায়সার সুমন। কর্মসূচিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মী ও সাংবাদিকদের নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতিতে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং আইনি সুরক্ষা জোরদারে একটি পৃথক ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
তারা আরও বলেন, রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগে আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মশিদুল হক, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা রিদিশা রঙান, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনসহ অনেকে।
পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মানবাধিকার কর্মীদের জন্য কার্যকর আইনি সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :