সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এই নির্দেশনা অমান্য করলে কর্মকর্তাদের আইনি ও শরিয়াভিত্তিক শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। নিষেধাজ্ঞার পর দেশটির অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করে ফেলেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এতে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তা, সাধারণ কর্মী ও সেবাকর্মীদের জন্যও স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাচ্ছেন। পরে আরেক কর্মকর্তা কয়েকটি স্মার্টফোন ভেঙে ফেলছেন।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন ব্যবহার করলে তার ব্যবহৃত ডিভাইস ধ্বংস করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শরিয়াভিত্তিক শাস্তিও দেওয়া হতে পারে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা থেকে কোনো ধরনের ছাড় পেতে হলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমোদন বা নির্দেশনা প্রয়োজন হবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, সামরিক আদালতের এই নির্দেশ বর্তমানে বিভিন্ন এলাকায় ভিন্নভাবে কার্যকর করা হচ্ছে। কিছু অঞ্চলে শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, সাধারণ নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও এর প্রভাব পড়ছে।

তালেবান সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে দেশটিতে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।