
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। স্পিকার জানান, এ বিষয়ে সম্প্রতি সংসদে উত্থাপিত আপত্তি ও আলোচনার পর কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে প্রবেশ ও প্রস্থানের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি নিয়ে আপত্তি জানান। তখন স্পিকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন। পরে বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টির একটি স্পষ্ট ব্যাখ্যা ও সুরাহা কামনা করেন।
বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) ধারায় উল্লেখ রয়েছে যে, ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’
তিনি আরও বলেন, কার্যপ্রণালি বিধির এই ধারায় পূর্বে ‘ঝুঁকিয়া’ শব্দটি অন্তর্ভুক্ত থাকলেও ২০০৬ সালে তা সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর সংশোধনীটি গৃহীত হয়েছিল।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান বিধিতে সম্মান প্রদর্শনের কথা বলা হলেও তা কীভাবে করতে হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। ফলে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।
সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।” স্পিকারের এ ঘোষণার মাধ্যমে সাম্প্রতিক সময়ে সংসদে আলোচিত বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :