শুধু উৎপাদন নয়, ফলের আসল স্বাদ ফেরানোর তাগিদ চট্টগ্রাম ডিসির


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
শুধু উৎপাদন নয়, ফলের আসল স্বাদ ফেরানোর তাগিদ চট্টগ্রাম ডিসির

দেশীয় ফলের স্বাভাবিক স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ফলের আসল স্বাদ ও পুষ্টিমান বজায় না থাকলে নতুন প্রজন্মের মধ্যে ফল খাওয়ার আগ্রহ কমে যাবে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য ছিল—‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে শিশু ও তরুণদের মধ্যে জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ বাড়ছে, অন্যদিকে ফল খাওয়ার অভ্যাস কমছে। এর ফলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ফল খাওয়ার প্রবণতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ দেশীয় ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। তবে সাম্প্রতিক সময়ে অনেক ফলের স্বাভাবিক স্বাদ হারিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা উদ্বেগের বিষয়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফলের গুণগত মান রক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে।

ফল পাকাতে কার্বাইডসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, কৃত্রিমভাবে ফল পাকানোর প্রবণতা বন্ধ করতে হবে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফল উৎপাদন এবং বাজারজাতকরণে কৃষক, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরেন। তিনি জানান, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে চট্টগ্রামে প্রায় দেড় কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরেই প্রায় ১৮ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ গাছ রোপণ করা হয়েছে।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকদের অংশগ্রহণে প্রায় ৬০ প্রজাতির দেশীয় ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফলের পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ রঘুনাথ নাহা ফল চাষের অর্থনৈতিক গুরুত্ব ও পুষ্টিগত উপকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক কৃষিবিদ আপ্রু মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গবেষক এবং শিক্ষা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে কৃষিবিদ আপ্রু মারমা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে অন্তত একটি ফলদ গাছ রোপণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।