
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে আবারও ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নিজের নাম যুক্ত করেছেন এই ফুটবল তারকা।
মেসির এমন অসাধারণ নৈপুণ্যের পর এবার তার প্রশংসা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মেসিকে নিয়ে রসিকতা করে বলেন, “আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।”
মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে করা এক প্রশ্নের জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। যদিও এটি ছিল নিছক রসিকতা, তবে এতে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি তার মুগ্ধতা স্পষ্ট হয়েছে।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দলের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে লুলা বলেন, স্পেনও কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আরও খারাপ ফলাফল।
চলতি বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ আসর। এর মাধ্যমে তিনি সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার সঙ্গে একই কাতারে রয়েছেন।
আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর আর্জেন্টিনার সামনে এখন পরবর্তী ম্যাচের প্রস্তুতি। গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেসির দল। এই ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এগিয়ে যেতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। মেসির ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে আবারও প্রমাণ হচ্ছে, বয়স বাড়লেও বিশ্ব ফুটবলে তার প্রভাব ও দক্ষতা এখনো অটুট রয়েছে।
আপনার মতামত লিখুন :