মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। এই ম্যাচেই ইতিহাস গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের নামে, যিনি ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নিজের নাম শীর্ষে তুলে নিলেন রোনালদো।

একই ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করেন পর্তুগিজ এই সুপারস্টার। এটি ছিল তার ষষ্ঠ বিশ্বকাপ আসর, যার মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সমান সংখ্যক বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ডে পৌঁছান। অন্যদিকে মেসি বিভিন্ন আসরে গোল করার কীর্তি গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন, যেখানে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজিরও রয়েছে তার।

এবারের আসরে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ সামনে রয়েছে রোনালদোর। পর্তুগালের আক্রমণের মূল ভরসা হিসেবে কোচ রবার্তো মার্তিনেজ তাকে নিয়েই সাজিয়েছেন শুরুর একাদশ।