মুকসুদপুরে ৩৬০ কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
মুকসুদপুরে ৩৬০ কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ

পরিবেশ রক্ষায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে ৩৬০ জন কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মোট ১,৮০০টি নারকেল চারা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

১৮ জুন বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের বিতরণকৃত নারকেল চারাগুলো সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, নারকেল চাষ দীর্ঘমেয়াদে লাভজনক একটি কৃষি খাত, যা স্থানীয় কৃষকদের আর্থিক স্বাবলম্বিতার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু সহ অন্যান্য অতিথিরা।

উপসহকারী বৃক্ষরোপণ কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত কৃষকরা চারা ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালুর দাবি জানান।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।